পশ্চিমবঙ্গের কৃষক পঞ্চানন মণ্ডল সোমবার দুপুরে যখন কথা বলছিলেন, তখন তিনি কর্ণাটকের একটা জমিতে ধান রুইছিলেন।
কর্ণাটকের জমিতে কাজ করতে করতেই মি. মণ্ডল বিবিসি বাংলাকে বলছিলেন, "এখানেও মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে। যদি দেশে আমার জমিতে যে যন্ত্র আছে, সেটা যদি এই জমিতেও থাকত, নিশ্চিন্তে কাজ করতে পারতাম।"
তার নিজের প্রায় আড়াই বিঘা জমি আছে সুন্দরবন ঘেঁষা গোসাবার বিপ্রদাসপুর গ্রামে। কয়েক বছর আগে তার জমিতে একটা বজ্রপাত নিরোধক যন্ত্র বসিয়েছেন।
বাংলাটা যদি একটু অপরিচিত লাগে, তার জন্য বুঝিয়ে দিই, এটার ইংরেজি হল 'লাইটনিং অ্যারেস্টার', বজ্রপাত হলে যে দণ্ডটির মাধ্যমে অতি উচ্চমাত্রায় ধেয়ে আসা বিদ্যুৎ ভূমিগত করে দেওয়া হয়।
তবে বাজারচলতি যেসব লাইটনিং অ্যারেস্টার পাওয়া যায়, সেগুলির থেকে মি. মণ্ডলের চাষের ক্ষেতে বসানো যন্ত্রটি অনেকটাই ভিন্ন – একেবারে দেশীয় পদ্ধতিতে তৈরি, এবং সস্তা।
