"আমি যৌন শিকারী নই, আমি একজন 'যৌন অপরাধী'," ২০১১ সালে নিউ ইয়র্ক পোস্টকে বলেছিলেন জেফরি এপস্টিন। "এটি একজন খুনি আর একজন বেগেল (এক ধরনের বেকারি পণ্য) চোরের মধ্যে পার্থক্য।"
জামিনের সুযোগ ছাড়াই যৌন অপরাধের অভিযোগে বিচারের জন্য অপেক্ষারত অবস্থায়, ২০১৯ সালের ১০ই অগাস্ট নিউ ইয়র্কের একটি কারাগারে মারা যান এপস্টিন।
একজন অপ্রাপ্তবয়স্ককে যৌনকর্মে বাধ্য করা সংক্রান্ত ঘটনায় যৌন অপরাধী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল জেফরি এপস্টিনকে।
তার বিরুদ্ধে যৌনতার জন্য অপ্রাপ্তবয়স্ক মেয়েদের একটি "বিশাল নেটওয়ার্ক" চালানোর অভিযোগ আনা হয়েছিল। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।
গত বছরের নভেম্বরে, মার্কিন কংগ্রেসের উভয় কক্ষই এপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্টকে অনুমোদন করে। এরপর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিল স্বাক্ষর করেন যাতে বিচার বিভাগকে ১৯শে ডিসেম্বরের মধ্যে এপস্টিনের বিরুদ্ধে সংঘটিত ফৌজদারি তদন্তের সমস্ত নথি প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়।
গত ৩০শে জানুয়ারি, মার্কিন বিচার বিভাগ ৩০ লক্ষেরও বেশি নথি প্রকাশ করে। একটি ফুটেজে দেখা যায়, যখন এপস্টিনকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তিনি নিজেকে শয়তান মনে করেন কি না, তিনি উত্তরে বলছেন, "আমার একটা ভালো আয়না আছে"।
প্রায় দুই ঘণ্টা ধরে চলা সম্পূর্ণ ভিডিও ফাইলটিতে তাকে একজন সাক্ষাৎকার গ্রহীতার প্রশ্নের মুখোমুখি হতে দেখা গেছে। যদিও কে প্রশ্ন করছে, কখন এবং কেন এই ফুটেজটি ধারণ করা হয়েছে, তা নিশ্চিত করা হয়নি।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বলেছেন যে "একটি অত্যন্ত বিস্তৃত নথি সনাক্তকরণ এবং পর্যালোচনা প্রক্রিয়ার" এসব নথিপত্র প্রকাশ করা হয়েছে।
